ঈদ মানেই টিভি আয়োজনে বিশেষ অনুষ্ঠানমালা। ব্যতিক্রম ঘটেনি এবারও। দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো মতো চ্যানেল টোয়েন্টিফোরেও থাকছে বিশেষ আয়োজন। রোজার ঈদ ঘিরে পাঁচদিন একাধিক অনুষ্ঠানমালার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। যেখানে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পীদের ঘিরে অনুষ্ঠানের পাশাপাশি আছে নাটক-সিনেমা ও সংগীত তারকাদের নিয়ে নানা আয়োজন।
ঈদের দিনের বিকেলটা শুরু হবে ‘ঈদ তারকা সন্ধ্যা’র আয়োজনে। যেখানে অতিথি হয়েছেন আশনা হাবিব ভাবনা, সজল নূর, তমা মির্জা, তানজিয়া জামান মিথিলা, পারসা ইভানা, কারিনা কায়সার, মারিয়া শান্ত, স্নিগ্ধ চৌধুরী, আরেফিন জিলানী সাকিব ও ফাতেমা তুয যাহরা ঐশী। ঈদের গল্পের পাশাপাশি নানা মজার খেলা খেলেছেন শিল্পীরা। নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় শাহরিন জেবিনের উপস্থাপনায় ঈদের পাঁচদিন বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রচার হবে ‘ঈদ তারকা সন্ধ্যা’।
‘ঈদ তারকা সন্ধ্যা’ শেষ হতেই শুরু হবে স্মৃতির সুর। সংগীতশিল্পী আগুনের উপস্থাপনায় যে আয়োজন সাজানো হয়েছে বাংলা সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তি শিল্পীকে নিয়ে। যে তালিকায় আছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, পপ সম্রাট আজম খান, মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, চাইম ব্যান্ডের খালিদ এবং লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় তৈরি এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন পাঁচ শিল্পীর অগ্রজ, অনুজ-সহ তাদের দীর্ঘদিনের সহকর্মীরা। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর পর্বের অতিথি হয়েছেন রেনেসা ব্যান্ডের প্রধান নকীব খান ও এলআরবি’র সদস্য রোমেল। আজম খানকে নিয়ে কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ ও লাবু রহমান। শাফিন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার ভাই মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও ফিডব্যাক ব্যান্ড সদস্য ফুয়াদ নাসের বাবু। খালিদের পর্বের অতিথি হয়েছেন শিল্পী পথিক নবী ও গীতিকবি তরুণ মুন্সি। এছাড়া ফরিদা পারভীনের আয়োজনে এসেছেন শিল্পী শফি মন্ডল ও চন্দনা মজুমদার। অনুষ্ঠানের প্রতি পর্বে প্রয়াত শিল্পীকে নিয়ে গল্প আড্ডার পাশাপাশি গাওয়া হয়েছে তাদেরই জনপ্রিয় সব গান। ঈদের পাঁচদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রচার হবে স্বপ্নধরা নিবেদিত ‘স্মৃতির সুর’।
রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় থাকছে তারকাদের নিয়ে আয়োজিত ‘তারকার গল্প’। মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদের পাঁচদিনের অনুষ্ঠানটিতে অতিথি হয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, সাদিয়া আয়মান, তারিক আনাম খান, দীপা খন্দকার, রবি চৌধুরী, আঁখি আলমগীর। নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় ‘তারকার গল্প’ উপস্থাপনা করেছেন সাবিহা নিগার দৃষ্টি ও শাহরিন জেবিন। এছাড়া ঈদ বিশেষ কালার্স টোয়েন্টিফোরে অতিথি হয়েছেন সিনেমার পরিচালক রায়হান রাফী, চিত্রনায়িকা নাজিফা তুষি ও পূজা চেরি।
