নাসিম রুমি: নানা হিসাব-নিকাশ শেষে এবার ঈদে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে- এমন প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে সিনেমাপ্রেমিদের মনে। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা বাদ পড়েছে তালিকা থেকে। যদিও এখনো দুয়েকটি সিনেমার মুক্তি নিয়ে সংশয় রয়েছে, তবে ছবি ব্যবসায়ী, পরিচালক ও প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেল, ঈদে পাঁচ সিনেমা চূড়ান্ত হয়েছে আপাতত।
এই তালিকায় সবার উপরে নাম আসে চিত্রনায়ক শাকিব খানের রকস্টার। শেষ খবর পাওয়া পর্যন্ত, আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি মুক্তিতে নেই কোনো বাধা। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ (U) সার্টিফিকেট পেয়েছে এটি। পোশটার-টিজার প্রকাশের পর এখন চলছে শেষ সময়ের প্রচারণা। জানা গেছে, এক রকস্টারের উত্থান-পতনের গল্প এখানে ফুটে উঠবে। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
দর্শক আগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’। সেবা প্রকাশনীর জনপ্রিয় বইয়ের আদলে প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার এবং ‘মাসুদ রানা গান রিলোড’ শিরোনামের একটি টিজার। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।
ঈদের সিনেমার আরেক আকর্ষণ সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর পর জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এরইমধ্যে সিনেমাটির সদ্য প্রকাশিত দুটি পোস্টার ও অফিসিয়াল ট্রেলার দর্শকদের মাঝে বেশ সাড়া তুলেছে। ট্রেলারে ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ের নানা ইঙ্গিত পাওয়া গেছে। মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই করতে গিয়ে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অ্যাকশনের পাশাপাশি রয়েছে দারুণ আবেগ ও সম্পর্কের টানাপোড়েন।
মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি নিয়েও দর্শকদের মাঝে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ অভিনীত এই সিনেমাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হওয়ার পর এবার দেশের দর্শকদের সামনে আসছে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে এর গল্প। ট্রেলারের পাশাপাশি সিনেমাটির ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি’ এবং ‘রহে না’ শিরোনামের তিনটি গান প্রকাশের পর থেকে বিভিন্ন কনসার্ট ও প্রচারণায় বেশ সরব রয়েছে পুরো টিম।
নানা জটিলতা ও দফায় দফায় মুক্তি পেছানোর পর অবশেষে ঈদেই আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময় নারী ‘বনলতা সেন’। সরকারি অনুদানপ্রাপ্ত মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং বনলতা সেন হিসেবে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।
এছাড়া ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাগুলো মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতগুলো সিনেমা প্রেক্ষাগৃহে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।
