চোখের জলে শেষ বিদায়, প্রিয় রাজশাহীতেই চিরনিদ্রায় শায়িত শামস সুমন

- Advertisements -

পরিবারের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে প্রিয় শহর রাজশাহীতেই চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন। তাকে রাজশাহী নগরের হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ এশা তৃতীয় জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে ১৭ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

মৃত্যুর সময় তার স্ত্রী লন্ডনে অবস্থান করছিলেন। খবর পেয়ে দ্রুত দেশে ফিরে আসেন তিনি। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজশাহীর ঝাউতলা এলাকার মিঠুর মোড় জামে মসজিদে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেখানেই শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করে টেলিভিশন নাটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শামস সুমন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘অহংকার’, ‘অনুরাগ’, ‘যদি ভালোবাসো’, ‘এই তো আমাদের বাড়ি’, ‘রাতের অতিথি’, ‘অতন্দ্র প্রহর’ ও ‘খোঁজ’। পাশাপাশি ‘জয়যাত্রা’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘আয়না কাহিনি’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ ও ‘মন জানে না মনের ঠিকানা’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

নির্মাতা শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি রেডিও ভূমি-তে স্টেশন চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qngz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন