নাসিম রুমি: বলিউডের তিন বড় সুপারস্টারকে নিয়ে নিজের মতামত জানিয়ে ফের আলোচনায় এসেছেন অভিনেতা ইমরান খান। তার মতে, তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার পর্দায় নিজেদের ধরে রাখা শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সময়ের সঙ্গে বদলানো উচিত।
এছাড়া নায়কের চরিত্র থেকে তিনজনেরই সরে আসা উচিত বলেও মনে করেন তিনি।
আমির খানের ভাগ্নে ইমরান বলেন, “ত্রিশ বছরেরও বেশি সময় ধরে দর্শকরা খানদের পূজা করে এসেছে। কিন্তু একটা বয়সের পর আর নায়ক হিসেবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে যাওয়া যায় না।”
ভারতীয় বিনোদনভিত্তিক ডিজিটাল মাধ্যম শোশা-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান এ মন্তব্য করেন।
তার কথায়, “সময়ের সঙ্গে তারকাখ্যাতি বদলায়। নায়ক হিসেবে কাজ করা অভিনেতাদেরও একসময় বয়স বেড়ে যায়।
“কিছু নির্দিষ্ট সময় থাকে যখন আপনি নায়ক হিসেবে কাজ করতে পারেন, তারপর এমন একটা বয়স আসে যখন সেই ধরনের চরিত্র আর মানায় না।”
তিন খানই এখন ষাটের ঘরে—এই বিষয়টি তুলে ধরে ইমরান বলেন, “তারা ৩০ বছরের যে তারকাখ্যাতি উপভোগ করেছেন, তার তুলনা করা বা কল্পনা করাও কঠিন। একজন অভিনেতার যাত্রায় পরিবর্তনটা স্বাভাবিক ও অনিবার্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রের ধরনও বদলাতে হয়।”
ইমরান আরও বলেন, খানদের কাজের পরিধি নিঃসন্দেহে অনন্য হলেও দর্শকের রূচি সময়ের সঙ্গে বদলায়।
“কিছু দর্শক থাকে যারা আপনার সঙ্গে বড় হয়, আবার নতুন প্রজন্মও আসে যারা নিজেদের বয়স ও অভিজ্ঞতার কাছাকাছি তারকার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়।”
বিষয়টি ব্যাখ্যা করে ইমরান বলেন, “আমরা যখন সিনেমা দেখি, তখন মূলত সেই গল্প বা চরিত্রে নিজেকে খুঁজে পাই। স্বাভাবিকভাবেই আপনি নিজের বয়স ও জীবনের অভিজ্ঞতার কাছাকাছি কারও সঙ্গে বেশি একাত্ম অনুভব করেন। নতুন প্রজন্ম হয়তো ৭০ বছরের একজন মানুষের গল্প দেখতে আগ্রহী নাও হতে পারে।”
একসময়ের জনপ্রিয় অভিনেতা ইমরান খান নিজেও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় তিনি আবারও কাজ করছেন পরিচালক দানিশ আসলামের সঙ্গে, যার সঙ্গে তিনি ২০১০ সালের ‘ব্রেক কে বাদ’ সিনেমায় কাজ করেছিলেন।
