নাসিম রুমি: বলিউডের ‘পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান জীবনের ৬১তম জন্মদিন ঘরোয়া আয়োজনে উদ্যাপন করেছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কেক কাটা এই আয়োজনের একাধিক ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ছিল আমির খানের জন্মদিন। এদিন ঘনিষ্ঠ বন্ধু, পরিবার এবং তারকা পরিচিতজনদের নিয়ে ব্যক্তিগত পরিসরে জন্মদিন উদ্যাপন করেন তিনি।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রাক্তন প্রথম স্ত্রী রিনা দত্ত, প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরি স্প্র্যাট। এছাড়া আমির খানের সন্তানরাও অনুষ্ঠানে অংশ নেন। কেক কাটার সময় প্রাক্তন স্ত্রী ও প্রেমিকাকে কেক খাওয়ানোর দৃশ্য নেটদুনিয়ায় বিশেষভাবে আলোচনায় এসেছে।
দুই প্রাক্তন স্ত্রী, বর্তমান প্রেমিকা এবং সন্তানদের সঙ্গে একই অনুষ্ঠানে আমির খানের উপস্থিতি নেটিজেনদের দৃষ্টি কাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ তার পারিবারিক সম্পর্কের বন্ধুত্বপূর্ণ অবস্থানকে প্রশংসা করেছেন, আবার কেউ একাধিক বিয়ের প্রসঙ্গ টেনে সমালোচনাও করেছেন।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে প্রেম করে বিয়ে করেন আমির খান ও রিনা দত্ত। তাদের সংসারে মেয়ে ইরা খান ও ছেলে জুনায়েদ খান রয়েছে। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালের ৮ ডিসেম্বর আমির খান বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। তাদের ঘরে জন্ম নেয় পুত্র আজাদ রাও খান।
২০২১ সালের ৩ জুলাই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই বলিউড তারকা।
