রাজনীতি ও মানুষের সেবা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার, সংগীতপরিচালক ও সংগীতশিল্পী ইথুন বাবু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার রাজনীতি নয়, বরং মানুষের পাশে থাকাই তার মূল লক্ষ্য।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে ইথুন বাবু লেখেন, ‘আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার রাজনীতি আমার লক্ষ্য নয়-আমার লক্ষ্য মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা।’
তিনি আরও লেখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমপি বা মন্ত্রী হওয়াটাই সেবার একমাত্র পথ নয়। সত্যিকারের সদিচ্ছা, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে যে কোনো অবস্থান থেকেই জনগণের কল্যাণে কাজ করা যায়। রাজনীতি যদি হয় মানুষের জন্য, তবে পদ নয়-মনটাই সবচেয়ে বড় শক্তি।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘আজকের এই রাজনৈতিক বাস্তবতায় দরকার ত্যাগী, পরীক্ষিত এবং জনমানুষের সাথে সম্পৃক্ত নেতৃত্ব। যারা ক্ষমতার জন্য নয়, দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াবে-তারাই প্রকৃত রাজনীতির ধারক-বাহক।’
এছাড়া সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৩৬ জন সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে ইথুন বাবু লেখেন, ‘সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত ৩৬ জন সম্মানিত এমপির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি, তারা নারীর ক্ষমতায়ন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দৃঢ় ভূমিকা রাখবে।’
প্রসঙ্গত, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্ব নিজেদের মতামত তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় রাজনীতি ও জনসেবার দর্শন নিয়ে নিজের অবস্থান জানালেন ইথুন বাবু।
