অনিল কাপুর বলিউডে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন। তার পর্দার তেজস্বী উপস্থিতি দেখে বোঝা যায় না যে বয়সের ঘর ৭০ ছুঁইছুঁই। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে ব্যক্তিজীবনের সাদামাটা রূপের এক ঝলক দেখালেন।
মুম্বাইয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে অনিল কাপুরের ছবি ‘সুবেদার’-এর ট্রেলার। ট্রেলারে তিনি সেনাবাহিনীর প্রবীণ অফিসার অর্জুন মৌর্যর চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি সিনেমার পেছনের গল্প এবং ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেন।
অনিল কাপুর বলেন, “আজ যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, স্ত্রী সুনিতা কাপুর জানতে চাইল কোথায় যাচ্ছি। আমি আজকের ইভেন্টের কথা বললাম। আমাদের পরিবারের সবাই কাজের খবর রাখে, কিন্তু স্টারডমের কোনো জায়গা নেই। আমরা অন্য দশটা পরিবারের মতোই সাধারণ। বাড়িতে অনিল কাপুর সুপারস্টার তকমা চলে না।”
তিনি আরও জানালেন, “আজও আমি শুটিং বা বাইরে কোথাও যাওয়ার সময় স্ত্রী থেকে ১০–১৫ হাজার টাকা চেয়ে নিই। এটাই আমাদের সাধারণ জীবন।”
‘সুবেদার’ নিয়ে অনিল কাপুর বলেন, “এই ফিল্মটি আমার জীবনের বিশেষ একটি কাজ। অর্জুন মৌর্যর চরিত্র ফুটিয়ে তোলা আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ ছিল। ছবিতে বন্ধুত্বের গল্প, স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপড়েন—এসব আবেগই আমাকে কাজটির প্রতি টেনেছে।”
