নাসিম রুমি: বলিউড থেকে হলিউড—নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার সাফল্য নয়, বরং একটি ‘ভুল মানচিত্র’ ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন এই গ্লোবাল তারকা।
সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। কিন্তু সাক্ষাৎকারের বিষয়বস্তুর চেয়ে বেশি আলোচনায় আসে তার পেছনে প্রদর্শিত ভারতের একটি মানচিত্র। সেটিকে ঘিরেই শুরু হয় সমালোচনার ঝড়।
নেটিজেনদের অভিযোগ, মানচিত্রটিতে ভারতের সীমানা যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অঞ্চলের চিত্রায়ণ ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে মিলছে না বলেই দাবি তাদের। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কা কীভাবে এমন মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। কেউ কেউ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন।
তবে সমালোচনার বিপরীতে সমর্থনের সুরও শোনা গেছে। একাংশের মতে, প্রিয়াঙ্কা সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানচিত্রের উপস্থাপনা তার নিয়ন্ত্রণে ছিল না। বিষয়টি তার নজর এড়িয়ে যেতেই পারে বলেও মনে করছেন তারা। সব মিলিয়ে একটি পটভূমির দৃশ্যই এবার প্রিয়াঙ্কা চোপড়াকে নতুন করে বিতর্কের মুখে ফেলেছে।
