ক্যালিফোর্নিয়ায় ৩০ এপ্রিলের কনসার্টে মঞ্চে পারফর্ম করার সময় নিজেকে ‘মৃত’ দাবি করেন ভারতের পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কনসার্টের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে দিলজিতের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মাঝে।
‘শরীর ছেড়েছি আগেই’ দিলজিৎ দোসাঞ্জের এই ভিডিওটি রেডিটে পোস্ট করা হয়েছে। সাথে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘দিলজিতের মতে, ডিসেম্বরে তিনি এই শরীর ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।’
ভিডিওতে কনসার্টের মাঝে দিলজিৎ দর্শকদের সাথে কথা বলতে দেখা যাচ্ছে। তিনি পাঞ্জাবিতে বলছেন, ‘আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি। আমার মৃত্যুর ভয় নেই। গত ডিসেম্বরে আমি এই শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এই শরীর ছাড়ার আগে আমার আরও কিছু কাজ করতে হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি, এটা সত্যি। আমি স্টেজে দাঁড়িয়ে আছি এবং ইনিই আমার ভগবান।’
ভিডিওতে দিলজিৎ পাঞ্জাবের সাথে তার সংযোগের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার মৃত্যুর ভয় নেই এবং কারও প্রতি আমার কোনও ক্ষোভ নেই। আমি সবাইকে ভালোবাসি। ভালোবাসা, সম্মান, ক্ষমা- আমি আমার জীবনে যতটা সম্ভব এই সব আনার চেষ্টা করছি। যারা এখনও আমার সাথে আছে, এ সব পাঞ্জাবের নামে। আমিই পাঞ্জাব।’
এই বক্তব্যের পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। শুরু হয় নানা আলোচনা। কেউ ভাবছেন, এটি গভীর মানসিক চাপে থাকা একজন শিল্পীর কথা, আবার কেউ মনে করছেন, এটি আধ্যাত্মিক উপলব্ধির প্রকাশ।
সম্প্রতি জিমি ফ্যালনের টক শো-তে অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় ছিলেন দিলজিৎ। একই সময়ে পাঞ্জাবের বন্যা পরিস্থিতিতে তাকে সক্রিয়ভাবে দেখা না যাওয়ায় কিছু মহলে সমালোচনাও তৈরি হয়েছিল। অনেকে মনে করছেন, সেই চাপ বা সমালোচনার প্রভাবও তার বক্তব্যে প্রতিফলিত হতে পারে।
তবে এখন পর্যন্ত দিলজিৎ দোসাঞ্জ বা তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
