মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ছবিতে দেখা যায়, স্বামী বরুণ ভাঙ্গেরার সঙ্গে ছোট্ট শিশুর জুতা ও ‘মম-ড্যাড’ লেখা টুপি হাতে নানা ভঙ্গিমায় পোজ দিয়েছেন এই তারকা দম্পতি। যৌথ পোস্টে তারা লিখেছেন, ‘মিরাকল ঘটতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটা পাব অগাস্টে।’
এই ঘোষণা প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন কারিশমা। সহ-অভিনেত্রী খুশি কাপুর, দিয়া মির্জা, জেসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ ও সোনাল চৌহান-সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালের ৫ ফেব্রুয়ারি বরুণ ভাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা। বিয়ের কয়েক বছর পর এবার তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।
টেলিভিশন দিয়ে অভিনয় জীবন শুরু করা কারিশমা পরে সিনেমা ও ওয়েব সিরিজে নিজের অবস্থান তৈরি করেন। বিশেষ করে স্কুপ সিরিজে তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
এখন ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় ঘিরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।
