বহুল আলোচিত মালয়ালম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যমের শেষ অধ্যায়ের মুক্তি আর কিছুদিন পরই। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রথম কিস্তি দর্শকদের মুগ্ধ করেছিল থ্রিলার ও পারিবারিক আবেগের মিশেলে। গল্পের কেন্দ্রীয় চরিত্র জর্জকুট্টি একজন সাধারণ কেবল অপারেটর, যে আইনের হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করতে বুদ্ধি ও কৌশলের আশ্রয় নেয়।
এই গল্প এতটাই জনপ্রিয়তা পায় যে পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় এর রিমেক তৈরি হয়। ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি দৃশ্যম ২। আর এবার আসছে সিরিজটির শেষ পর্ব দৃশ্যম ৩।
অভিনেতা মোহনলালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আগামী ২১ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাস ২ মিনিট ৫ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ট্রেলার প্রকাশ করেছে।
ট্রেলারটি প্রকাশের পর থেকে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও কৌতূহল। আগের দুই কিস্তিতে জর্জকুট্টিকে দেখা গেছে শান্ত, আত্মবিশ্বাসী ও পরিকল্পনামাফিক এগোতে। কিন্তু নতুন ট্রেলারে চরিত্রটিকে অনেক বেশি ভেঙে পড়া ও মানসিকভাবে অস্থির মনে হয়েছে।
ট্রেলারটি শুরু হয় জর্জকুট্টির পরিবারের স্বাভাবিক জীবনে ফিরে আসার ইঙ্গিত দিয়ে। তবে গা ছমছমে আবহ আর পুলিশের নতুন করে তৎপরতা বুঝিয়ে দেয় পুরোনো রহস্য এখনো তাদের পিছু ছাড়েনি। এবারের গল্পে দেখা যাবে, নিজের করা কাজের জন্য পরিবার একদিন তাকে অপরাধী ভাবতে পারে। এ আশঙ্কায় মানসিক দ্বন্দ্বে ভুগছেন জর্জকুট্টি। ট্রেলারে ইঙ্গিত মিলেছে, এবার বিষয়টি শুধু আইনি লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং তা রূপ নিচ্ছে মিডিয়া ট্রায়ালে।
পুলিশ ও আশপাশের মানুষ আবারও সেই পুরোনো কবর এবং মরদেহের রহস্য উন্মোচনের চেষ্টা শুরু করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তৃতীয় কিস্তিতে জর্জকুট্টির বিবেক ও মানসিক টানাপোড়েন গল্পের বড় অংশ জুড়ে থাকবে। পরিচালক জিতু জোসেফের নির্মাণে সিনেমাটিতে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিলকে আবার দেখা যাবে।
