বলিউডের কালজয়ী রোমান্টিক চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সর্বশেষ পোস্টে স্থান পেয়েছে এই জনপ্রিয় সিনেমা। বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি ছবিটি কোনো বিশেষ স্বীকৃতি পেল?
অস্কার একাডেমির পোস্টে দেখা গেছে, অ্যাকাডেমি তাদের সর্বশেষ পোস্টে ভ্রমণভিত্তিক রোমান্টিক চলচ্চিত্র নিয়ে একটি তালিকা প্রকাশ করে। সেখানে ‘ইউ মি অ্যান্ড টাস্কানি’, ‘দ্য হলিডে’, ‘ইট প্রে লাভ’-এর পাশাপাশি জায়গা পায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।
পোস্টের ক্যাপশনে তারা লেখে, ‘ভ্রমণ-কেন্দ্রিক আপনার প্রিয় রোমান্টিক সিনেমা কোনটি?’
এই পোস্টটি নজরে আসে ছবির ‘সিমরান’ কাজলের। তিনি পোস্টটি শেয়ার করে নিজের প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমি ডিডিএলজেকে ভোট দিচ্ছি।’
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখ খান ও কাজলের জুটি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আদিত্য চোপড়া।
ছবিটি প্রযোজনা করেন তার বাবা, প্রয়াত ইয়াশ চোপড়া।
উল্লেখ্য, অ্যাকাডেমি মূলত অস্কার পুরস্কার প্রদানকারী সংস্থা হলেও তারা নিয়মিত সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয় চলচ্চিত্রের প্রশংসা করে থাকে। তাই এই পোস্টটি কোনো আনুষ্ঠানিক পুরস্কার বা স্বীকৃতি নয়, বরং একটি সম্মানজনক উল্লেখ হিসেবেই দেখা হচ্ছে।
গত বছর ছবিটির মুক্তির ৩০ বছর পূর্তি উদযাপন করেন শাহরুখ খান ও কাজল।
এ উপলক্ষে তারা লন্ডনের লেস্টার স্কয়ারে ছবির একটি আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেন, যা কোনো ভারতীয় সিনেমার জন্য প্রথম।
প্রসঙ্গত, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং এক প্রজন্মের আবেগ। ‘রাজ’ ও ‘সিমরান’ চরিত্র দুটি আজও সমান জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার রেকর্ডও রয়েছে এই ছবির ঝুলিতে।
