বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান এখন স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন অভিনেতা আমির খান।
বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন ধরে সেলিম খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। এই কঠিন সময়ে সালমান খান ও তার পরিবার চলচ্চিত্র শিল্প বন্ধুদের সমর্থন পেয়েছেন। আমির খানও সেখানে উপস্থিত ছিলেন।
অভিনেতা আমির খান হাসপাতালে গিয়ে সালমান খানের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি সেলিম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। তিনি আইসিইউতে ছিলেন, তাই আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতে পারিনি। তবে তার পরিবারের সঙ্গে বসেছিলাম।’
সেলিম খানের শারীরিক অবস্থা সম্পর্কে আমির খান আরও জানান, সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী জানিয়েছেন সেলিম খানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
শেষে আমির বলেন, তারা সবাই প্রার্থনা করছেন সেলিম খান যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।
কী হয়েছিল সেলিম খানের
সেলিম খানকে হাসপাতালে নেওয়ার প্রথম দিন জরুরি বিভাগে (ক্যাজুয়ালটি) রাখা হয়। পরে তার অবস্থার তত্ত্বাবধানে আইসিইউতে স্থানান্তর করা হয়। একজন চিকিৎসক জানান, সেলিম খানের শরীরে খিঁচুনি হচ্ছিল এবং রক্তচাপ অনেক বেশি ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভেন্টিলেটরে রাখা হয়।
পরে একজন নিউরোসার্জন ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা করেন। পরীক্ষা ও পর্যবেক্ষণের পর সেলিম খানের অবস্থা স্থিতিশীল হয় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
