নাসিম রুমি: বলিউড ইন্ডাস্ট্রিতে সুনাম ও বদনাম— দুই-ই আছে সালমান খানের ক্যারিয়ারে। কোনোটার পাল্লা ভারি, সেটি অবশ্য বলা মুশকিল। তবে সম্প্রতি ভাইজানের এক কাণ্ডের কথা সামাজিক মাধ্যমে এসেছে। এক পডকাস্টে ঘটনাটি জানিয়েছেন মালিনী আগারওয়াল নামে এক ব্লগার। অনেক বছর আগের সেই ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি।
মালিনী আগারওয়াল দাবি করে বলেছেন, এক রাতে নাইট ক্লাবে ঢুকে পড়েন সালমান খান। সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন— নাইট ক্লাবে উপস্থিত সবার বিল তিনি মেটাবেন। এমনকি তিনি বিনা পয়সায় শ্যাম্পেনের বোতল বিলিয়েও দেন। সালমানের টিমের তরফ থেকে নাকি জানানো হয়েছিল— সেই রাতের কথা যেন বাইরের কেউ না জানে। সালমানও নাকি চাইতেন না এ বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন উঠুক।
সেই রাতে নাইট ক্লাবে তিনি উপস্থিত ছিলেন দাবি করেন এ ব্লগার। মালিনী আগারওয়াল বলেন, তখনো স্মার্টফোন বাজারে আসেনি। আমার কাছে একটা ছোট্ট ক্যামেরা ছিল। আমার ঠিক পেছনের দিকেই ছিলেন সালমান। শ্যাম্পেনের বোতলও নিয়েছিলাম তার কাছ থেকে।
এমন পোস্ট প্রকাশ্যে আসার পরেই সামাজিক মাধ্যমে নেটিজেনরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েন। অনেকের মতে, ভাইজান বরাবরই সবার জন্য খরচ করেন। আবার কারও মতে, সবটাই জনসংযোগ।
