নাসিম রুমি: সৌদি আরবের অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’ এর ট্রেইলার প্রকাশ্যে এসেছে। এই সিনেমায় হিন্দি সিনেমার দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত অভিনয় করেছেন অতিথি চরিত্রে।
এনডিটিভি লিখেছে, ট্রেইলারের ভিডিওতে সালমান ও সঞ্জয়ের উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তা ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
ট্রেইলারে দুই অভিনেতাকেই অ্যাকশন দৃশ্যে পাওয়া গেছে।
ভিডিওর শুরুতে সালমানকে দেখা যায় পরিপাটি সাদা পোশাকে। রহস্যময় হাসি হেসে তিনি বলেন, “তুমি জানো সে কী করে? সে তার পুরো জীবনটাই নথিভুক্ত করে রেখেছে।”
এরপর হাজির হন সঞ্জয় দত্ত। দৃঢ় ভঙ্গিতে হাঁটতে হাঁটতে পর্দায় ধরা দেন তিনি, তাকে ঘিরে থাকে কিছু মানুষ।
ট্রেইলারের আরেকটি দৃশ্যে সালমান খানকে শান্তভাবে বসে থাকতে দেখা যায়। সেখানে তিনি একজনকে প্রশ্ন করেন, “আমার কাছে তোমাকে অপরাধীর মত লাগছে কেন?”
‘সেভেন ডগস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া একটি ভয়ংকর নতুন মাদক এবং সেটি ঠেকানোর মিশনকে ঘিরে।
ইউটিউবে ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে যায়। একজন লিখেছেন, “ওয়াও! সালমান খান এই সিনেমায় ক্যামিও করছেন!”
আরেকজনের মন্তব্য, “শুধু সালমান খানের জন্যই অপেক্ষা করছি, এই সিনেমায় তাকে দেখার জন্য ভীষণ আগ্রহী।”
সিনেমাটি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিশরের জনপ্রিয় অভিনেতা করিম আবদেল-আজিজ ও আহমেদ এজজ। গল্প লিখেছেন তুর্কি আল-শেখ। সিনেমার বাজেট প্রায় ৪ কোটি ডলার।
চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সালমান খান ও সঞ্জয় দত্ত এর আগেও ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ এর মত সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ‘সেভেন ডগস’ এ ফের এই জুটিকে দেখার অপেক্ষায় ভক্তরা।
