বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত। সম্প্রতি এক রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি স্কুলজীবনের এক অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন।
জনপ্রিয় অনুষ্ঠান ‘হুইল অব ফরচুন’ সঞ্চালনার সময় দর্শকসারিতে উপস্থিত শৈশবের বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দিতে গিয়ে পুরোনো স্মৃতিচারণ করেন তিনি। এ সময় অক্ষয় জানান, কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সময়ে তিনি তিনবার ফেল করেছিলেন। তিনি বলেন, ‘আমরা কেজি থেকে একসঙ্গে পড়েছি। আর কেজি থেকে নবম শ্রেণির মধ্যে আমরা তিন-তিনবার ফেল করেছি।’
হাস্যরসের ছলে নিজের ব্যাকবেঞ্চার পরিচয়ের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, পড়াশোনার চেয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই বেশি আগ্রহ ছিল তার। বন্ধুকে উদ্দেশ করে মজার ছলে বলেন, ‘তুমি কেন ফেল করলে? আমার সঙ্গে সময় কাটানোর কারণেই!’
তবে শিক্ষাজীবনের এই ব্যর্থতা তাকে দমিয়ে রাখতে পারেনি। পরবর্তী সময়ে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন পরিচালিত নতুন ছবি ‘ভূত বাংলা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।
ছবিটি প্রথমে ১৫ মে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ এগিয়ে এনে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
