হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কমে গেছে বিশ্বের অনেক জনপ্রিয় তারকার ফলোয়ার। এতে এক রাতেই লাখ লাখ ফলোয়ার হারিয়েছেন হলিউড, বলিউড ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। ভুয়া ও বট অ্যাকাউন্ট সরানোর অভিযানে এমনটা হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ‘দ্য গ্রেট পার্জ অব ২০২৬’ নামে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর কাজ শুরু করেছে। এর প্রভাবেই অনেক তারকার ফলোয়ার সংখ্যা হঠাৎ করেই কমে গেছে।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কয়েকজন বিশ্বখ্যাত তারকার অ্যাকাউন্টে। কাইলি জেনার হারিয়েছেন ১ কোটি ৪০ লাখেরও বেশি ফলোয়ার। ক্রিশ্চিয়ানো রোনালদোর কমেছে প্রায় ৮০ লাখ এবং সেলেনা গোমেজের প্রায় ৬০ লাখ ফলোয়ার কমেছে বলে জানা গেছে। এ ছাড়া টেইলর সুইফট ৪২ লাখ, কেটি পেরি প্রায় ৩০ লাখ, কিম কার্দাশিয়ান ৫২ লাখ, জেনিফার লোপেজ ৩৫ লাখ এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রায় ১২ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন।
এ ছাড়া আরিয়ানা গ্রান্ডে, বিয়ন্সে, জেন্ডায়া, ডুয়া লিপা, জাস্টিন বিবার, শাকিরা, রিহানা, মিলি সাইরাস, লেডি গাগা, বিলি ইলিশ, বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির ফলোয়ার সংখ্যাতেও বড় প্রভাব পড়েছে।
শুধু তারকারাই নন, অনেক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারও ফলোয়ার হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ দাবি করছেন, বৈধ কিছু অ্যাকাউন্টও ভুল করে সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে থ্রেডস-এ অনেক ব্যবহারকারী হঠাৎ অ্যাকাউন্ট সীমাবদ্ধ হওয়া বা সাময়িক নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন। একই সঙ্গে কে-পপ ব্যান্ড বিটিএস এবং ব্ল্যাকপিংক-এর ভক্তরাও জানিয়েছেন, তাদের প্রিয় দলগুলোর ফলোয়ারও কমেছে।
অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, মাত্র ছয় ঘণ্টার মধ্যেই লাখো অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। ছোট কনটেন্ট নির্মাতাদের ফলোয়ার ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমেছে। তবে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তারকাদের অ্যাকাউন্টে, কারণ তাদের প্রোফাইলে তুলনামূলক বেশি বট ও স্প্যাম অ্যাকাউন্ট যুক্ত থাকে।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তারকা প্রকাশ্যে মন্তব্য করেননি।
