নাসিম রুমি: ২৯ বছর পর আবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অক্ষয় খান্না এবং সানি দেওল। প্রায় তিন দশক পর আবার বড় পর্দায় দেখা যাবে এই দুই অভিনেতাকে। বর্ডার ছবির পর ইক্কা সিনেমার হাত ধরে একসঙ্গে ফিরছেন তাঁরা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার।
এই টিজারে সানি দেওলকে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, যা আবারো মনে করিয়ে দেয় ‘দামিনী সিনেমার কথা। অন্যদিকে অক্ষয়কে যেন দেখেই মনে পড়ে যায় রহমান ডাকাতের কথা। এই সিনেমাতেও অক্ষয় নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।
সানি এবং অক্ষয় ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন দিয়া মির্জা, তিলোত্তমা সোম, সানজিদা শেখ, শিশির শর্মা এবং আকাশ রঞ্জন। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই সিনেমার টিজার দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে কতটা অসাধারণ হতে চলেছে সিনেমাটি।
টিজার দেখে এক ভক্ত লিখেছেন, অক্ষয় খান্নার সঙ্গে সানি দেওল, অসাধারণ কম্বো। অন্য একজন লিখেছেন, অক্ষয়কে দেখে মনে হচ্ছে যে এখনও রহমানের চরিত্র থেকে তিনি বের হতে পারেননি। তৃতীয় একজন লিখেছেন, এত বছর পর দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।
সানিকে সম্প্রতি ‘বর্ডার ২’- তে দেখা গেছে । ছবিটি বক্স অফিসে সাফল্যের সাথে চলছে এবং মুক্তির দুই সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই ২৮০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
‘ধুরন্ধর’ ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় ব্যাপক সাড়া ফেলেছিলেন । রণবীর সিং অভিনীত, আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলারটি ইতিমধ্যেই ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর সিক্যুয়েলটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
