নাসিম রুমি: ঢালিউড অভিনেত্রী পূজা চেরি ও অভিনেতা আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘নাকফুলের কাব্য’ ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
যদিও পূজা চেরি ও আদর আজাদ জুটির অভিনীত ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমা দুটি ইতোমধ্যে মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। অথচ এ তারকা জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত সিনেমা ‘নাকফুলের কাব্য’।
সিনেমাটির নাম শুরুতে ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’। এর আগে ‘নাকফুল’ নামে একটি সিনেমা নিবন্ধিত থাকার কারণে তাদের সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।
এ সিনেমায় অভিনেতা আদর আজাদ ও অভিনেত্রী পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ আরও অনেকে।
সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনা সূত্রে জানানো হয়েছে। আগামী কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নাকফুলের কাব্য’। গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। ফেরারি ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান।
