প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম দিন একুশের বইমেলা শুরু হলেও এ বছর হয়েছে শেষের দিকে। চলতি মার্চেও চলছে মেলা। মেলা এলেই বইপ্রেমীদের ভিড়ের সঙ্গে বাড়ে আরেকটি কৌতূহল– শোবিজ অঙ্গনের তারকারা এবার কী লিখছেন? অভিনয়, সংগীত কিংবা নির্মাণের ব্যস্ততার ফাঁকেও অনেকে কলম ধরেন। সেই লেখাগুলো বই হয়ে মেলায় এলে পাঠকের আগ্রহ থাকে অন্যরকম।
এবারও তার ব্যতিক্রম নয়। মেলায় বের হয়েছে তারকার বই, আবার তারকাকে নিয়েও লেখা হয়েছে বই। উপন্যাস, পুরাণভিত্তিক গ্রন্থ, রাজনৈতিক থ্রিলার, গল্প সংকলন কিংবা স্মৃতিকথা– বৈচিত্র্যে ভরা তারকাদের বইয়ের তালিকা।
এবারের বইমেলায় প্রকাশ পাচ্ছে প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ (ষষ্ঠ খণ্ড)। ভাষাচিত্র থেকে প্রকাশিত বইটিতে রয়েছে তাঁর কালজয়ী গানের পেছনের গল্প। এতে রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা কালজয়ী কিছু গানের লেখার প্রেক্ষাপট।
গান রচনার গল্প থেকে জানা যাবে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের চলচ্চিত্র জগতের কালজয়ী শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক, নির্মাতা, পরিচালকসহ বিভিন্ন শিল্পী-কলাকুশলীর কীর্তিময় সময়ের বিভিন্ন ঘটনা। বইটির মাধ্যমে তাঁর জীবনের ফেলে আসা দিনের অনেক কথাই পাঠকরা জানতে পারবেন।
প্রয়াত মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল জানান, ‘বাবার গান সংরক্ষণ এবং জনপ্রিয় গানের পেছনের গল্প পাঠকদের জানানোই আমাদের উদ্দেশ্য। আশা করছি, এটি পাঠকদের ভালো লাগবে।’
অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত-এর নতুন বই ‘এলো এলোমেলো ৮০’ প্রকাশ করছে আলোঘর প্রকাশনা। ৮০ বছরের জীবনের স্মৃতিচারণায় সাজানো বইটিতে রয়েছে অভিনয়জীবন, নাট্যচর্চা ও ব্যক্তিগত সময়ের নানা জানা-অজানা গল্প। আবুল হায়াত বলেন, ‘এলোমেলো জীবনকে গুছিয়ে বলার চেষ্টা করেছি। স্মৃতিকথায় জীবনের অনেক অজানা বিষয় জানবেন সবাই। পাঠক আমার সময়ের ভেতর দিয়ে হাঁটতে পারবেন।’
অভিনেত্রী শানারেই দেবী শানু হাজির হচ্ছেন ভিন্ন স্বাদের এক বই নিয়ে। তাঁর লেখা ‘মেইতেই পুরাণ’ প্রকাশ করছে আজব প্রকাশ। মণিপুরী প্রাচীন ধর্মগ্রন্থ ‘ওয়াকলোন পুয়া’ অবলম্বনে রচিত এই গ্রন্থে উঠে এসেছে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি রহস্য, দেবতা-দানব-মানুষের দ্বন্দ্ব আর প্রকৃতির সঙ্গে মানবিক সম্পর্কের জটিলতা।
জাদু বাস্তবতার আবহে নির্মিত বইটি নিয়ে শানু বলেন, “আমাদের শেকড়ের গল্পগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছি। পুরাণ মানে কেবল অতীত নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ।”
সংগীতশিল্পী জয় শাহরিয়ার এবার সম্পাদনা করেছেন একটি বিশেষ বই– ‘শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’। আজব প্রকাশ থেকে এটি প্রকাশ হয়েছে। সত্তরের দশকের সংগীত আন্দোলন ও শিল্পী শহীদ মাহমুদ জঙ্গীর স্মৃতি নিয়ে রচিত এই গ্রন্থে লিখেছেন ফাইসাল সিদ্দিকী বগী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, পিলু খান, পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদসহ অনেকে।
জয় শাহরিয়ার বলেন, ‘এ বই একজন শিল্পীকে স্মরণ করার পাশাপাশি একটি সময়কে দলিলবদ্ধ করার প্রয়াস।”
রহস্য ও অতিপ্রাকৃত আবহে নির্মিত গল্প নিয়ে আসছেন নাট্যাভিনেত্রী ফারজানা রহমান ছবি। তাঁর বই ‘অ-দৃশ্যে?’ প্রকাশ করছে মিজান পাবলিশার্স। পাঁচটি গল্পে ব্যক্তি অভিজ্ঞতার ছায়া, দেখা-অদেখার দ্বন্দ্ব এবং ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি দাঁড় করানো হয়েছে পাঠককে।
লেখক বলছেন, “আমরা অনেক সময় এমন কিছু অনুভব করি, যার ব্যাখ্যা পাই না। সেই অজানা অনুভূতিগুলোই গল্পে ধরার চেষ্টা করেছি।”
রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত উপন্যাস ‘কালো নদী লাল তীর’ নিয়ে আসছেন গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এটি তাঁর ৩৩তম বই। নির্বাচন ঘিরে দুই প্রার্থীর দ্বন্দ্ব, ষড়যন্ত্র আর রহস্যময় ঘটনার রোমাঞ্চকর কাহিনি উঠে এসেছে উপন্যাসটিতে। লুৎফর হাসান বলেন, ‘রাজনীতির অন্দরমহলের অদৃশ্য সংঘাতকে গল্পের নাটকীয়তায় তুলে ধরেছি। আশা করছি এটি পাঠকের পছন্দ হবে’।
সব মিলিয়ে এবারের বইমেলায় তারকাদের বই পাঠকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠছে। শিল্পীসত্তার বাইরে তাদের ভাবনা, অভিজ্ঞতা ও দর্শন জানার সুযোগ এনে দিচ্ছে এসব প্রকাশনা।
