নাসিম রুমি: দাম্পত্যের ২৭ বছর পূর্ণ করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি কাজল ও অজয় দেবগন। গতকাল ২৪ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি উদ্যাপন করতে কাজল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একটি অপ্রকাশিত ছবি এবং লিখেছেন রসিকতাভরা, হৃদয়ছোঁয়া বার্তা।
কাজলের ভাষায়, ‘এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!’ দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য পথচলাকে এমন মজার ছলে স্বীকৃতি দিয়েছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজাভ পটভূমির সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুজন। অজয় দেবগন গাঢ় কালো স্যুট, সাদা শার্ট ও চশমায় চিরচেনা সংযত লুকে; আর কাজল গাঢ় মেরুন শাড়িতে, গলায় চোকার হার ও পরিপাটি পনিটেইল চুলে অনায়াসে উজ্জ্বল। একে অপরের দিকে তাকিয়ে তাঁদের উষ্ণ হাসি যেন ২৭ বছরের বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।
নব্বইয়ের দশকের মাঝামাঝি, ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবির শুটিং সেটে প্রথম দেখা। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, পরে প্রেম। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঘর বাঁধেন তাঁরা। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন এই তারকা দম্পতি। তাঁদের দুই সন্তান—নিসা ও যুগ।
