নাসিম রুমি: কয়েক দিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিং-দীপিকা পাড়ুকোন দম্পতির এটি দ্বিতীয় সন্তান। তার হাতে এখন আলোচিত দুটো সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—‘রাকা’ ও ‘কিং’। কিন্তু গর্ভাবস্থায়ও অভিনয় থেকে বিরতি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা অভিনেত্রী।
গনমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যাটলি কুমার পরিচালিত প্যান-ইন্ডিয়ার অ্যাকশন ঘরানার ‘রাকা’ সিনেমার শুটিং এরই মধ্যে শুরু করেছেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন আল্লু অর্জুন।
একটি সূত্র বলেন, “গর্ভাবস্থায়ও দীপিকা পাড়ুকোন ‘রাকা’ সিনেমার জন্য কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। আর পুরো শুটিং গর্ভাবস্থায়ই চালিয়ে যাবেন তিনি।”
নির্মাতারা দীপিকার নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছেন। সময়সূচি এমনভাবে ঠিক করছেন, যাতে শুটিং ঠিকভাবে চলতে পারে। এ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করছেন দীপিকা, আল্লু অর্জুন এবং অ্যাটলি; যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এ সিনেমায়ও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ সিনেমার শুটিং এখনো সম্পন্ন করতে পারেননি দীপিকা, কিছু অংশ এখনো বাকি। এ বিষয়ে সূত্রটি হিন্দুস্তান টাইমসকে বলেন—“সম্পূর্ণ বিরতি না নিয়ে দীপিকা তার অংশের কাজ শেষ করবেন, যাতে দুটি সিনেমার কাজ সময়মতো শেষ করা যায়।”
দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমার শুটিং সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা যায় তাদের।
ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রথম সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা। একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। মুক্তির পর সিনেমাটি আলোচিতও হয়।
