নাসিম রুমি: ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের নামে বড় পরিসরে হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে। দুই বোনের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তাদের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। এটি এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল হবে বলেও খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম।
প্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ভাই পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর বলেন—“২৫ বছর আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দিদি (লতা মঙ্গেশকর) মারা যাওয়ার পর আমরা অনুভব করি, তার চিন্তা ও স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে হাসপাতালটি নির্মাণ করা উচিত। তখন সিদ্ধান্ত হয়েছিল, হাসপাতালটির নাম তার নামেই রাখা হবে, আমরা সে অনুযায়ী এগোচ্ছিলাম। উদ্বোধনের তারিখ ১৬ এপ্রিল নির্ধারণও করা হয়েছিল। কিন্তু হঠাৎ আশা দিদিও মারা গেলেন। তাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, লতা মঙ্গেশকর ও আশা মঙ্গেশকরের নামে হাসপাতালটির নামকরণ করা হবে।
ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায়, হাসপাতালটি ৪০ একর জমির ওপর নির্মিত হবে, যেখানে মানুষ ছাড়াও ছোট প্রাণীদের চিকিৎসার ব্যবস্থাও থাকবে। দীননাথ মঙ্গেশকর হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পরিচালক ডা. ধনঞ্জয় কেলকার জানান, লতা-আশা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ২২.৫ লাখ বর্গফুটের অবকাঠামো থাকবে। এটি হবে ১ হাজার শয্যার সুপার স্পেশালিটি সার্জিক্যাল হাসপাতাল, দেশের অন্যতম আধুনিক বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় সিনহাগড় রোডের নন্দোশিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও এটি একটি শোকসভা। এতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও সুনেত্রা পাওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আরএসএস প্রধান মোহন ভগত।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন লতা মঙ্গেশকর। ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারত রত্ন’ লাভ করেন তিনি। গত ১২ এপ্রিল মারা যান আশা ভোঁসলে। মৃত্যুকালে তারও বয়স হয়েছিল ৯২ বছর। আট দশকের বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের অধিক গান গেয়েছেন। ভারতীয় সংগীতে অনন্য অবদান রাখার জন্য ‘পদ্ম বিভূষণ’ ও ‘মহারাষ্ট্র ভূষণ’সহ অসংখ্য সম্মানজনক পুরস্কার অর্জন করেন।
