‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়ালেন মিলি, নেপথ্যে সৃজনশীল মতপার্থক্য

- Advertisements -

অলিম্পিক জিমন্যাস্টিকস নিয়ে নির্মিতব্য বহুল আলোচিত সিনেমা ‘পারফেক্ট’ থেকে সরে দাঁড়িয়েছেন হলিউড তারকা মিলি ববি ব্রাউন। আর তার এই প্রস্থানের পরপরই নেটফ্লিক্স প্রকল্পটি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, চিত্রনাট্য ও পরিচালনার ধরনে সৃজনশীল মতপার্থক্য তৈরি হওয়ার কারণেই এই প্রজেক্ট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত এই অভিনেত্রী।

১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ জিমন্যাস্টিকস দলের সদস্য কেরি স্ট্রাগের বাস্তব জীবন অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হওয়ার কথা ছিল। চোটাক্রান্ত গোড়ালি নিয়ে অদম্য সাহসিকতার সঙ্গে ভল্ট সম্পন্ন করে দলকে স্বর্ণপদক জিতিয়েছিলেন কেরি স্ট্রাগ, যা অলিম্পিক ইতিহাসের অন্যতম এক গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত। সিনেমায় এই কিংবদন্তি অ্যাথলেটের নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি মিলি ববি ব্রাউনের সহ-প্রযোজক হিসেবেও থাকার কথা ছিল। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন গিয়া কোপোল্লা।

গত বছরের সেপ্টেম্বরে বড় আয়োজনে এই চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখছে না।

মিলি ববি ব্রাউন দীর্ঘ সময় ধরে নেটফ্লিক্সের অত্যন্ত জনপ্রিয় মুখ। সম্প্রতি তিনি এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ সিজন এবং ‘এনোলা হোমস ৩’-এর কাজ শেষ করেছেন। এ ছাড়া তার অভিনীত ও প্রযোজিত নতুন রোমান্টিক কমেডি ‘জাস্ট পিকচার ইট’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

তবে ‘পারফেক্ট’ সিনেমাটি বাতিলের বিষয়ে নেটফ্লিক্স বা মিলির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই নাটকীয় বিচ্ছেদের ফলে কেরি স্ট্রাগের সেই ঐতিহাসিক বীরত্বগাথা রুপালি পর্দায় দেখার অপেক্ষা আরও দীর্ঘ হলো দর্শকদের জন্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8olg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন