নাসিম রুমি: প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে বলিউডি নায়ক আমির খানের সফর ঘিরে চলা জল্পনার অবসান ঘটল।
অনেকে ধারণা করেছিলেন, অভিনেতা পশ্চিমবঙ্গে গিয়েছিলেন গায়ককে সিনেমার গানে ফিরিয়ে আনার বিষয়ে রাজি করাতে। তবে আমির জানিয়েছেন, তার সফরের মূল উদ্দেশ্য যদিও ভিন্ন ছিল, তবুও ব্যক্তিগতভাবে তিনি চেষ্টা করেছিলেন সিনেমার গানে অরিজিৎকে ফেরাতে। কিন্তু কাজ হয়নি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এর মধ্যে এক সাক্ষাৎকারে এই বিষয়ে আমির কথা বলেছেন। তিনি বলেছেন, অরিজিৎ তার সিদ্ধান্তে অটল। অর্থাৎ আর কোনো সিনেমার গানে অরিজিৎকে আর পাওয়া যাবে না।
চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে চার দিন থেকে আসেন আমির। তবে কেবল বাড়িতে নয়, অরিজিতের রেকর্ডিং স্টুডিওতেও গিয়েছিলেন আমির। আমিরের নতুন সিনেমার গানগুলো গাইছেন অরিজিৎ। ওই স্টুডিওতে সেগুলো রেকর্ড করা হয়।
আমির বলেন, “আমি সেখানে গিয়েছিলাম ‘এক দিন’ সিনেমার গান রেকর্ডিং ও তার পরিবেশনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। আমি তাকে আমার জন্য গান গাইতে রাজি করিয়েছি। সে জুনায়েদের (আমিরের ছেলে জুনায়েদ খান) চরিত্রের জন্য গান গাইছে।”
সিনেমার পাঁচটি গানের সবগুলোই গেয়েছেন অরিজিৎ। সুনীল পাণ্ডে পরিচালিত ‘এক দিন’ সিনেমাটির আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কিছুদিন আগে সিনেমার গান থেকে অবসরের ঘোষণা দিয়ে সোশাল মিডিয়ায় অরিজিৎ বলেছিলেন, তার হাতে প্লেব্যাকের আরও কিছু কাজ আছে, সেগুলো তিনি শেষ করবেন। প্রতিশ্রুতি মেনে অরিজিৎ আমিরের সিনেমার গানগুলো রেকর্ড করেন।
অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর আচমকা ঘোষণা আসে গত ২৭ জানুয়ারি। গায়কের ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউড এবং কলকাতার অনেক শিল্পী অরিজিতের সিদ্ধান্তে হতবিহ্ববল হয়ে পড়েন।
অরিজিতের এই অবসরকে সিনেমার জন্য ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন আমির।
তার কথায়, “অরিজিৎ অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী। তার গানগুলো সিনেমার জন্য দারুণভাবে ফুটে উঠে, আর মানুষ হিসেবেও সে দারুণ। এমন প্রতিভা হারানো সত্যিই আমাদের সবার জন্য কষ্টের। তার পরিবার ও টিমের সঙ্গে আমি দারুণ সময় কাটিয়েছি। ‘এক দিন’ গানগুলো সে অসাধারণভাবে করেছে।
