নাসিম রুমি: আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর টু’ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে এটি। রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন ঘরানার সিনেমাটি বিশ্বব্যাপী আয় ১ হাজার ৬৬৫ কোটি রুপি ছাড়িয়েছে (৯ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী)। ফলে ২০২৬ সালে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এটি।
পরিচালক আদিত্য ধরের সিনেমাটি মুক্তির ২০ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ হাজার ৬৪০ কোটি রুপি আয় করেছে (৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী), যা এটিকে বছরের দশম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত করেছে। এটি একটি বিরল ঘটনা, যখন কোনো ভারতীয় সিনেমা হলিউডের ব্লকবাস্টারের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বব্যাপী শীর্ষ তালিকায় জায়গা করে নেয়।
বৈশ্বিক সাফল্য ‘ধুরন্ধর টু’ সিনেমার অসাধারণ এই সাফল্য শুধু এটিকে সর্বকালের অন্যতম সেরা ভারতীয় আয়কারী চলচ্চিত্রের তালিকায়ই নিয়ে যায়নি, বরং বহু হলিউড সিনেমাকেও পেছনে ফেলেছে। মুখে মুখে প্রচার এবং দর্শকদের বারবার দেখার আগ্রহের কারণে মুক্তির পর সিনেমাটি শক্তিশালীভাবে টিকে আছে। এখন এটি ১ হাজার ৭০০ কোটি রুপির দিকে এগোচ্ছে, যা হলে এটি চীন থেকে কোনো আয় ছাড়াই সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হবে।
২০২৬ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা চীনের ‘পেগাসাস থ্রি’; যার আয় ৬৩৮ মিলিয়ন মার্কিন ডলার। ‘ধুরন্ধর টু’ ১৭৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার দশম স্থানে রয়েছে। এর ঠিক উপরে রয়েছে হলিউডের অ্যানিমেটেড স্পোর্টস কমেডি ‘গট’; যার আয় ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার। তবে ‘ধুরন্ধর টু’ সিনেমার আয়ের বড় অংশ এসেছে ভারত থেকে।
চলতি বছরে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকা— ১. পেগাসাস থ্রি (চীন): ৬৩৮.৭ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ২. প্রজেক্ট হেইল ম্যারি (যুক্তরাষ্ট্র): ৪২০.৮ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ৩. দ্য সুপার ম্যারিও গ্যালাক্সি মুভি (যুক্তরাষ্ট্র): ৩৭২.৫ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ৪. হপার্স (যুক্তরাষ্ট্র): ৩৩২.২ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ৫. উদারিং হাইটস (যুক্তরাষ্ট্র): ২৩৯.৪ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ৬. ব্লেডস অব দ্য গার্ডিয়ানস (যুক্তরাষ্ট্র): ২১১.৬ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ৭. স্ক্রিম ৭ (যুক্তরাষ্ট্র): ২০৯.৩ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ৮. স্কেয়ার আউট (চীন): ১৯৬ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ৯. গট (যুক্তরাষ্ট্র): ১৮৫.২ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) ১০. ধুরন্ধর টু (ভারত): ১৭৭+ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস) দ্রষ্টব্য: ‘ধুরন্ধর টু’ সিনেমার ৭ এপ্রিল, অন্যগুলোর তথ্য ৬ এপ্রিল পর্যন্ত হালনাগাদকৃত।
