English

32 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
- Advertisement -

হানিমুনের মধ্যেই রাশমিকার আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি অভিনেতা বিজয় দেবরকোণ্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিয়ের পর বর্তমানে এই জুটি হানিমুনে রয়েছেন।

তবে তাদের জমকালো বিয়ের রেশ কাটতে না কাটতেই এক পুরোনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। রাশমিকার মা সুমনের আট বছর আগের একটি অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

রাশমিকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন।

বিবৃতিতে রাশমিকা জানান, গত আট বছর ধরে তাকে নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হলেও তিনি ধৈর্য ধরে নীরব ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সীমা অতিক্রম করা হয়েছে বলে মনে করেন তিনি।

রাশমিকা অভিযোগ করেন, তার কথাকে প্রায়ই প্রসঙ্গের বাইরে নিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয় এবং স্রেফ ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য ঘৃণা ছড়ানো হয়। আট বছর আগে তার মায়ের একটি ব্যক্তিগত কথোপকথন অনুমতি ছাড়া রেকর্ড এবং প্রচার করাকে তিনি ‘সিরিয়াস ইনভেসন অব প্রাইভেসি’ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি এ বিতর্কে তার পরিবার এবং তার সঙ্গে সুসম্পর্ক থাকা ব্যক্তিদের টেনে আনায় তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।

এছাড়া অভিনেত্রী ওই ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে সংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার বা ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোসহ যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপটিতে রাশমিকার মা সুমনকে তার মেয়ের প্রাক্তন বাগদত্তা রক্ষিত শেঠির সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে কথা বলতে শোনা যায়।

সেখানে দাবি করা হয়, বিয়ের পর অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে দ্বিমত এবং বিজয় দেবরকোণ্ডার সঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় রাশমিকার একটি রোমান্টিক দৃশ্য নিয়ে তৈরি হওয়া জটিলতাই ছিল সেই বিচ্ছেদের কারণ।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে অভিনেতা ও পরিচালক রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী সময়ে বিজয় দেবরকোণ্ডার সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের পর সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/59ku
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন