বলিউড অভিনেত্রী ও নির্মাতা পূজা ভাট–এর জীবনে জন্মদিন মানেই শুধু বয়স বাড়া নয়, বরং নিজের সঙ্গে লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। মঙ্গলবার ৫৪ বছরে পা রাখলেন তিনি। আর এই জন্মদিনটি তার কাছে বিশেষ হয়ে উঠেছে আরেকটি বড় কারণে। তা হল- এটি তার মদ্যপানমুক্ত দশম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন কৃতজ্ঞতা বার্তা শেয়ার করেন পূজা ভাট। সেখানে তিনি লেখেন, “গতকাল একাধিক কারণে বিশেষ ছিল। আপনাদের সবার কাছ থেকে পাওয়া ভালোবাসার স্রোত, যার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ৫৪ বছরে পা রাখার সৌভাগ্য। তবে সবচেয়ে বড় বিষয় হলো-এটি আমার দশম জন্মদিন, যা আমি সম্পূর্ণ সংযমের সঙ্গে কাটালাম।”
পোস্টের শেষাংশে তিনি আরও যোগ করেন, “৫৪ বছর শুধু অস্তিত্বের। আর ১০ বছর সত্যিকারের বেঁচে থাকার। সবকিছুর জন্য এবং তার চেয়েও বেশি কিছুর জন্য বিশ্বজগতের প্রতি কৃতজ্ঞতা।”
২০১৭ সালে এক সাক্ষাৎকারে প্রথমবার নিজের মদ্যপানের আসক্তির কথা প্রকাশ্যে আনেন পূজা ভাট। তখন তিনি জানান, ৪৫ বছর বয়সে যদি এই অভ্যাস না ছাড়তেন, তাহলে হয়তো নিজেকেই ধ্বংস করে ফেলতেন। তার ভাষায়, সে সময় তিনি উপলব্ধি করেছিলেন-এই পথে এগোলে জীবনের পরিণতি হতে পারে ভয়াবহ।
পরে জানা যায়, ২০১৬ সালের বড়দিনের আগের রাতে তিনি সম্পূর্ণভাবে মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
মদ্যপান ছাড়ার পর থেকে নিয়মিতভাবেই নিজের সংযমের বিভিন্ন মাইলফলক সামাজিক মাধ্যমে শেয়ার করে আসছেন পূজা ভাট। ২০১৮ সালের মে মাসে এক পোস্টে তিনি জানান, তার সাবেক মদের সরবরাহকারী-একজন প্রায় অচেনা মানুষ-এই কঠিন সিদ্ধান্তে তাকে উৎসাহ দিয়েছিলেন, যখন তার কাছের কিছু মানুষই নাকি তাকে ব্যর্থ হতে দেখতে চেয়েছিলেন।
সম্প্রতি পূজা ভাটকে দেখা গেছে রিয়্যালিটি শো বিগ বস ওটিটি ২–এ। এ ছাড়া তিনি অভিনয় করেছেন আর বাল্কি পরিচালিত সিনেমা চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট–এ।
