সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামার আর কৃত্রিম সৌন্দর্যের আড়ালে আসল চেহারা লুকিয়ে রাখা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক চীনা ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে এই ‘ফিল্টার’ বিড়ম্বনা এক চরম নাটকীয়তার জন্ম দিয়েছে।
লাইভ স্ট্রিমিং চলাকালীন কারিগরি ত্রুটিতে বিউটি ফিল্টার সরে গিয়ে তার প্রকৃত চেহারা প্রকাশ পাওয়ায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি প্রায় ১ লাখ ৪০ হাজার (প্রায় দেড় লাখ) অনুসারী হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী তার বসার ঘরে বেগুনি রঙের পোশাক পরে গান গেয়ে অনুসারীদের বিনোদন দিচ্ছিলেন। হঠাৎই কয়েক সেকেন্ডের জন্য তার ব্যবহৃত ‘বিউটি ফিল্টার’টি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে তার প্রকৃত রূপ—যা তার ফিল্টার করা ‘পেল বা প্লাস্টিক’ চেহারার চেয়ে অনেকটাই ভিন্ন। তার প্রকৃত ত্বক ছিল স্বাভাবিক এবং কিছুটা পরিপক্ব। যদিও কয়েক সেকেন্ড পরেই ফিল্টারটি আবার ফিরে আসে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
এই ঘটনার ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়। তবে অনুসারী কমলেও অনেক নেটিজেন কিন্তু ওই নারীর প্রকৃত চেহারার পক্ষেই কথা বলেছেন। অনেক ব্যবহারকারী অবাক হয়ে প্রশ্ন তুলেছেন, মানুষ কীভাবে ওই অবাস্তব ফিল্টার করা চেহারাকে আসল মনে করত।
অধিকাংশ নেটিজেনের মতে, ফিল্টার ছাড়া তাকে অনেক বেশি প্রাণবন্ত এবং সুন্দর লাগছিল। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, তাকে আসল চেহারায় অনেক বেশি চমৎকার দেখাচ্ছিল। ওই ভুতুড়ে ফিল্টারের চেয়ে এটাই সেরা। অন্যদিকে, অনেকে একে ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়ে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
এই ঘটনাটি ২০১৯ সালের আলোচিত স্ট্রিমার ‘ইউর হাইনেস কিয়াও বিলুয়ো’-র কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় কিয়াও বিলুয়ো নিজের ‘মিষ্টি কণ্ঠ’ এবং তরুণী লুক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু কারিগরি ত্রুটিতে ফিল্টার সরে গেলে দেখা যায় তিনি আসলে একজন ৫৮ বছর বয়সী নারী। সেই ঘটনাটি চীনে লাইভ স্ট্রিমিং জগতের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল।
সাম্প্রতিক এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলেও, ওই নারীর সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। এমনকি সত্যিই তিনি ১ লাখ ৪০ হাজার অনুসারী হারিয়েছেন কি না, তার কোনো দাফতরিক প্রমাণ মেলেনি। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি অনুসারী বাড়াতে বা স্রেফ আলোচনার কেন্দ্রে আসার জন্য কোনো সাজানো নাটকও হতে পারে।
