English

27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
- Advertisement -

ঐতিহাসিক জার্সিতে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল

- Advertisements -

বিশ্বকাপের আগে সেলেসাওর নতুন রূপ। সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের পর দীর্ঘদিন অপেক্ষার পর সুখবর পেয়েছেন ভক্তরা। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ঐতিহাসিক জর্ডান ব্র্যান্ড জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ব্রাজিলের।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবে জর্ডান ব্র্যান্ডের সঙ্গে এক অভিনব অংশীদারিত্ব ঘোষণা করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো জাতীয় ফুটবল দলের জার্সিতে দেখা যাবে আইকনিক ‘জাম্পম্যান’ লোগো।

আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেই এই ঐতিহাসিক জার্সির অভিষেক হওয়ার কথা রয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, জর্ডান ব্র্যান্ডের সঙ্গে তাদের এই চুক্তি একটি মাইলফলক। সাও পাওলোতে তারকাখচিত এক অনুষ্ঠানে নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন করা হয়। প্রচলিত ধারা ভেঙে এখানে নাইকির পরিচিত ‘সুইশ’ লোগোর জায়গায় ব্যবহার করা হয়েছে মাইকেল জর্ডানের বিখ্যাত ‘জাম্পম্যান’ প্রতীক—যা ফুটবলের ঐতিহ্যকে বিশ্বখ্যাত স্ট্রিটওয়্যার সংস্কৃতির সঙ্গে এক সুতোয় গেঁথেছে।

ফুটি হেডলাইনসের তথ্য অনুযায়ী, ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের অ্যাওয়ে জার্সিতে থাকবে ‘জাম্পম্যান’ লোগো। দ্বিতীয় জার্সিটি ১২ মার্চ উন্মোচনের কথা, আর ঐতিহ্যবাহী হলুদ হোম জার্সি প্রকাশ পাবে ১৩ মার্চ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) সিবিএফ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ে জার্সিটি উন্মোচন করে। প্রচারণার ভিডিওতে নতুন জার্সির স্লোগানও তুলে ধরা হয়—আগের বিখ্যাত ‘জোগো বোনিতো’(সুন্দর ফুটবল খেলো) বদলে এসেছে ‘জোগা সিনিসত্রো’  (চোখধাঁধানো ফুটবল খেলো)।

অ্যাওয়ে জার্সিটিতে ব্রাজিলের ঐতিহ্যবাহী নীল ও হলুদ রঙের সমন্বয় বজায় রাখা হয়েছে। তবে এতে যুক্ত হয়েছে কিংবদন্তি ‘এলিফ্যান্ট প্রিন্ট’—যা ১৯৮৮ সালের এয়ার জর্ডান ৩ জুতার নকশার সঙ্গে জড়িত একটি পরিচিত টেক্সচার। ‘এরো-ফিট’ প্রযুক্তিতে তৈরি এই জার্সি আগের তুলনায় ১১ শতাংশ হালকা এবং অনেক বেশি বাতাস চলাচল উপযোগী। উচ্চমানের পারফরম্যান্সের পাশাপাশি পরিবেশবান্ধবের দিকটি নিশ্চিত করতে শতভাগ পুনর্ব্যবহৃত টেক্সটাইল বর্জ্য ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র মনে করেন, এই উদ্যোগ শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব আরও বিস্তৃত। সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে সাম্বা তারকা বলেন, ‘ব্রাজিলের প্রতিটি শিশুর জন্য, যারা পায়ে বল নিয়ে স্বপ্ন দেখে, এই অংশীদারিত্বের অর্থ সত্যিই গভীর।

তিনি আরও বলেন, ‘জর্ডান ব্র্যান্ড এবং আমাদের জাতীয় দল শুধু ফুটবল দিয়েই একত্রিত নয়—এখানে সংস্কৃতি ও মহত্ত্ব একসঙ্গে মিলেছে। যখন ‘জাম্পম্যান’ আমাদের জাতীয় দলের রঙে দেখা যায়, তখন তা বিশ্বের সামনে তুলে ধরে ব্রাজিলের সৃজনশীলতা, আবেগ এবং প্রাণশক্তি। এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে—যাতে তারা প্রতিবার মাঠে নামার সময় স্টাইল, স্বাধীনতা ও গর্ব নিয়ে খেলতে পারে।

উল্লেখ্য, সবশেষ পাঁচ ম্যাচে দুই জয় ও একটি ড্র করা ব্রাজিল কিছুটা ওঠানামার মধ্যেই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে। এরপর ১ এপ্রিল ব্রাজিলের প্রীতি ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। প্রীতি ম্যাচে গা ঝালিয়ে নেওয়ার পর ‘হেক্সার’ মিশনে নামবে তারা। বিশ্বসেরার মঞ্চে গ্রুপ ‘সি’তে ব্রাজিলের সঙ্গে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wz03
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন