সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার ১–০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন লামিনে ইয়ামাল। ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি।
এরপর আগামী বিশ্বকাপে স্পেনের হয়ে তরুণ এই উইঙ্গারের খেলাও অনিশ্চিত দেখা দিয়েছিল। তবে বার্সেলোনার কোচ হানসি ফ্লিক বলেছেন, তরুণ তারকা লামিন ইয়ামাল স্পেনের হয়ে বিশ্বকাপে মাঠে ফিরবেন এবং তিনি এখনকার চেয়েও ‘আরও শক্তিশালী’ হয়ে ফিরবেন।
গত বুধবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে বার্সেলোনার ১-০ গোলে জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। সেই পেনাল্টি নিতে গিয়েই চোট পান তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লিক সাংবাদিকদের বলেন, এই পরিস্থিতি আমাদের জন্য তো বটেই, তার জন্যও সহজ নয়। সে জানে যে এটা তার প্রথম হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। আমি যা অনুভব করতে পারছি তা হলো, সে খুবই মনোযোগী। তার মধ্যে প্রেরণা আছে, সে আমাদের দলের বাইরে। কিন্তু আমি মনে করি বিশ্বকাপের জন্য সে থাকবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরবে, এখনকার চেয়েও আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।
লামিন যিনি গত বছর ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন এবং স্পেনকে ২০২৪ এ ইউরোর শিরোপা জিততে সাহায্য করেছিলেন। ১৮ বছর এই তারকা বার্সেলোনার লা লিগা শিরোপা রক্ষার দৌড়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
বার্সার কোচ বলেন, যে ফাউলের কারণে পেনাল্টিটি হয়েছিল, তাতে লামিন হয়তো আঘাত পেয়েছিলেন। কিন্তু তিনি যে পরিস্থিতিতে ছিলেন তা বুঝতে পারেননি, কারণ এর আগে তিনি এমন আঘাত পাননি। ফাউলের পর সে কিছু একটা অনুভব করেছিল, কিন্তু আমার মনে হয় সেটা তেমন গুরুতর ছিল না। পেনাল্টি কিক নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এরপর হয়তো আরও বেশি কিছু ব্যথা অনুভব করেছেন।
ফ্লিক আরও বলেন, এর আগে ইয়ামাল কখনও পেশিতে আঘাত পাননি। তাই শরীর যে সংকেত দেয় তা বোঝার প্রক্রিয়ারই একটি অংশ এটি। এটা খুব সহজ নয় কারণ সে খুবই তরুণ, কিন্তু শেষ পর্যন্ত এটি একটি অভিজ্ঞতা। আর এটাই তাকে শিখতে হবে।
লামিন চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি গোল করেছেন এবং ১৮টি অ্যাসিস্ট করেছেন। তার শেষ ১২টি লিগ ম্যাচে ৯টি গোল করেছেন।
