প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে ফরাসিদের কাছে ২-১ গোলে হেরে যায় সেলেসাওরা। এ দিন ম্যাচে ব্রাজিল দ্বিতীয় গোল হজমের পর সমর্থকরা নেইমারের নাম ধরে কোরাস গাইতে থাকেন। ম্যাচ শেষে নেইমারকে নিয়ে প্রশ্ন করতেই কিছু বিরক্তি প্রকাশ করেন কোচ কার্লো আনচেলত্তি।
ফ্রান্সের কাছে হারের পর গণমাধ্যমকে ব্রাজিলের কোচ বলেন, ‘ম্যাচ হারলে কেউই খুশি হয় না। তাই বলতে পারেন, এই ফলে আমি অর্ধেক সন্তুষ্ট। সামনে এখনো দীর্ঘ পথ, তবে ইতিবাচক থাকার মতো কারণও আছে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আজকের ম্যাচটি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে— আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখি। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি, সবটুকু শক্তি দিয়েই আমরা বিশ্বকাপ জয়ের লড়াই করবো।’
বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে সাংবাদিকের এক প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘এখানে যারা আছে আমাদের উচিত তাদের নিয়ে কথা বলা, যারা খেলেছে, নিজের সবটুকু দিচ্ছে, আগাচ্ছে ধাপে ধাপে এবং কঠোর পরিশ্রম করছে। আমি (তাদের নিয়ে) সন্তুষ্ট। এখানে (দলে জায়গা পেতে) প্রচুর প্রতিযোগিতা চলছে।’
