নারীদের অধিকার ও শিক্ষার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলের বার্ষিক ‘ফাউন্ডারস অ্যান্ড বেনেফেক্টরস ডিনার’ অনুষ্ঠানে প্রতিকৃতিটি উন্মোচন করা হয়। ছবিটি এঁকেছেন শিল্পী ইসাবেলা ওয়াটলিং।
অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই, মা তূর পেকাই ইউসুফজাই, ভাই খুশাল খান ইউসুফজাই ও স্বামী আসের মালিক।
মালালা কলেজটির দেওয়ালে স্থান পাওয়া পাকিস্তানের দ্বিতীয় নারী। তার আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর প্রতিকৃতিও উন্মোচন করা হয়েছিল। এক সাক্ষাৎকারে মালালা বলেন, পাকিস্তানের প্রথম নারী মুসলিম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার প্রেরণার উৎস। লেডি মার্গারেট হলে বেনজিরের পর তার প্রতিকৃতি স্থাপন হওয়া অত্যন্ত সম্মানের।
প্রতিকৃতি আঁকার অভিজ্ঞতা সম্পর্কে শিল্পী ইসাবেলা ওয়াটলিং বলেন, ‘মালালার প্রতিকৃতি আঁকা আমার জন্য বিরাট সম্মানের। ছবিতে আমি তার শক্তি ও সৌন্দর্যের কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি। তার মতো পরিচিত মানুষের প্রতিকৃতি আঁকা বেশ চাপের। সে কারণে এটি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল।’
উল্লেখ্য, লেডি মার্গারেট হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ। এটি নারীদের শিক্ষা প্রসারে প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মালালা ইউসুফজাই লেডি মার্গারেট হলে এলএমএইচ-এর সাবেক ছাত্রী। এছাড়া তিনি অক্সফোর্ড-পাকিস্তান প্রোগ্রামের উপদেষ্টা সংস্থারও সদস্য।
