ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পর থেকেই তার আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, আশা ভোঁসলের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পোস্টটিতে লেখা ছিল, ‘আশা ভোঁসলে জি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’
এদিকে এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বর্তমানে স্থিতিশীল আছেন আশা ভোঁসলে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এখনও আইসিইউ-তেই আছেন বলে শোনা যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগে গত শনিবার আশা ভোঁসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নাতনি ও সংগীতশিল্পী জানাই ভোঁসলে একটি পোস্টের মাধ্যমে শিল্পীর শারীরিক অবস্থার খবর জানান।
জানাই লেখেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আশা করছেন দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।
একই সঙ্গে এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করেছেন জানাই।
আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা দেবেন সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে। ১৯৪৩ সালে মারাঠি সিনেমা ‘মাঝা বাল’-এর মাধ্যমে তার দীর্ঘ সংগীত জীবনের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান।
