অর্থোডক্স ইস্টার উপলক্ষেইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে জানানো হয়েছে, , চলতি মাসের ১১ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ১২ এপ্রিল পর্যন্ত অর্থোডক্স ইস্টার উপলক্ষে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।এ সময় রাশিয়ার জেনারেল স্টাফকে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তার জবাব দিতে তারা প্রস্তুত থাকবে। খবর এএফপির।
এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টার পালনে ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে।
জেলেনস্কি জানান, ইউক্রেন আগেই অনুরূপ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, অর্থোডক্স ইস্টার পালনে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। মানবিক কারণে রাশিয়া এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে এবং ইউক্রেন তাতে সম্মত হয়েছে। এটি দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ভূরাজনৈতিক উত্তেজনায় দীর্ঘ প্রায় চার বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সংঘাত বন্ধে একাধিক প্রচেষ্টা নেওয়া হলেও উভয় পক্ষে এখনো কোনো অগ্রগতি হয়নি। এই যুদ্ধের ফলে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
