বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল পশ্চিমবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের একাধিক প্রধান ডাকঘর ও পাসপোর্ট সেবা কেন্দ্রে ইমেল মারফত বোমা রাখার হুমকি আসে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সাময়িকভাবে পরিষেবা বন্ধ করে তল্লাশি শুরু করে পুলিশ।
প্রথম বোমাতঙ্ক ছড়ায় কলকাতার আনন্দপুর এলাকায় অবস্থিত প্রধান পাসপোর্ট কেন্দ্রে। সকাল প্রায় ১০টায় ইমেলে জানানো হয়, অফিসের ভেতরে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে আনন্দপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কর্মীদের নিরাপদে বাইরে সরিয়ে নিয়ে বোম স্কোয়াড ও পুলিশ কুকুরের সাহায্যে তল্লাশি শুরু করে।
এর পর একে একে হুমকি ইমেল পৌঁছায় পশ্চিম বর্ধমানের আসানসোল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কোচবিহার, হাওড়া, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পূর্ব বর্ধমানের কাটোয়া, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, হুগলির চুঁচুড়া, পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক, মালদার ইংরেজবাজার এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের প্রধান ডাকঘর ও সংশ্লিষ্ট পাসপোর্ট সেবা কেন্দ্রে।
কোচবিহারে হুমকি ইমেলে হেরিটেজ ভবন উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়। বালুরঘাটে পার্সেলে বিস্ফোরক পাঠানোর দাবি করা হয়। প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট ডাকঘর খালি করে দেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ, বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড।
বিশেষ করে যেসব প্রধান ডাকঘরে পাসপোর্ট পরিষেবা চালু রয়েছে, সেগুলিকেই নিশানা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা। ইমেল প্রেরকের পরিচয় ও অবস্থান শনাক্ত করতে সাইবার শাখা তদন্ত শুরু করেছে।
হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বহু গ্রাহক। পাসপোর্ট সংক্রান্ত কাজ ও অন্যান্য ডাক পরিষেবার জন্য এসে অনেককেই ফিরে যেতে হয়।
তবে এখন পর্যন্ত রাজ্যের কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে সতর্কতা জারি রাখা হয়েছে।
