ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচন করেছে বলে দাবি করেছেন কয়েকজন কট্টরপন্থি আলেম। তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি।
৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের জ্যেষ্ঠ সদস্য আয়াতুল্লাহ আহমাদ আলাম আল-হোদা আধা সরকারি মেহর বার্তা সংস্থাকে বলেন, নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টস এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি—এমন গুজব সম্পূর্ণ মিথ্যা। তার ভাষ্য অনুযায়ী, এখন সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার দায়িত্ব অ্যাসেম্বলির সেক্রেটারিয়েটের, যার প্রধান আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি। অ্যাসেম্বলির আরেক সদস্য আয়াতুল্লাহ হেইদারি আধা সরকারি আইএসএনএ বার্তা সংস্থাকে বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ‘সেরা’ প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, এমনকি ‘গ্রেট স্যাটান’ও নির্বাচিত ব্যক্তির নাম উল্লেখ করেছে। কট্টরপন্থি আলেমরা সাধারণত যুক্তরাষ্ট্রকে ‘গ্রেট স্যাটান’ বলে উল্লেখ করেন। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হলে তা গ্রহণযোগ্য হবে না।
উল্লেখ্য, আট দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
