মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। এ সময় তিনি ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার পক্ষে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, “ট্রাম্প প্রশাসনকে নিয়ে আমার কোনও ভয় নেই। গসপেলের বার্তা উচ্চস্বরে প্রচার করতেও আমার কোনও ভয় নেই। আমার বিশ্বাস, আমি এখানে ঠিক এই কাজটি করার জন্যই এসেছি এবং গির্জাও এই কাজটি করার জন্যই এখানে রয়েছে।
তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার পর এই প্রতিক্রিয়া জানান পোপ।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি দীর্ঘ পোস্টে ও পরবর্তীতে সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যে ট্রাম্প পোপকে ‘অপরাধের ক্ষেত্রে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়ঙ্কর’ বলে অভিহিত করেন।
রবিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ক্যাথলিক চার্চের প্রধানের বিরুদ্ধে মার্কিন স্বার্থবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন, বিশেষ করে পারমাণবিক নীতি ও আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এমন কোনও পোপ চান না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে। সেই সঙ্গে তিনি বিদেশের মাটিতে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করার জন্য পোপের সমালোচনা করেন।
ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, পোপের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অতিমাত্রায় বামপন্থিদের সঙ্গে মিলে যায়। তিনি পোপের বিরুদ্ধে ‘উগ্র বামপন্থিদের তোষণ’ করার অভিযোগ আনেন এবং তাকে পরামর্শ দেন যেন তিনি ‘রাজনীতিবিদ না হয়ে একজন মহান পোপ হওয়ার দিকে মনোনিবেশ করেন’।
রবিবার মেরিল্যান্ডের যৌথ সামরিক ঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সমালোচনা আরও বাড়িয়ে বলেন যে, তিনি পোপের ‘খুব একটা ভক্ত নন’।
ট্রাম্প বলেন, “আমি পোপ লিওর খুব একটা ভক্ত নই। তিনি অত্যন্ত উদারপন্থি একজন মানুষ এবং তিনি এমন একজন ব্যক্তি যিনি অপরাধ বন্ধে বিশ্বাস করেন না।”
তিনি আরও যোগ করেন, “পোপ এমন একটি দেশের (ইরান) সঙ্গে নমনীয় আচরণ করছেন যারা পারমাণবিক অস্ত্র চায়।”
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ৭০ বছর বয়সী আমেরিকান পোপ শান্তির জন্য জনসমক্ষে আবেদন জানানোর একদিন পরই ট্রাম্পের এই মন্তব্যগুলো সামনে এলো। শনিবার দেওয়া বক্তব্যে পোপ লিও বিশ্বনেতাদের প্রতি সহিংসতা বন্ধ এবং সংঘাতের বিস্তার রোধ করার আহ্বান জানান।
পোপ তার বক্তব্যে বলেছিলেন, “অহমিকা এবং অর্থের উপাসনা এবার বন্ধ হোক! ক্ষমতার প্রদর্শন বন্ধ হোক! যুদ্ধ বন্ধ হোক!”
এদিকে, সোমবার ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি পোপের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রকাশ্য আক্রমণের তীব্র নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন।
কেলি লিখেছেন, “একজন ক্যাথলিক হিসেবে আমি মনে করি এটা অত্যন্ত ঘৃণ্য যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেন্ট পিটারের উত্তরসূরিকে (পোপ) এভাবে প্রকাশ্যে আক্রমণ করবেন। ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। ইরানে তার শুরু করা যুদ্ধের ফলে মার্কিন সেনাসদস্যদের মৃত্যু ও ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ইরানি শিশুরা প্রাণ হারাচ্ছে।”
কেলি আরও বলেন, ট্রাম্প ‘নিজেকে রক্ষা করার জন্য যে কাউকে বা যেকোনও কিছুকে আক্রমণ করবেন, এমনকি সেই চার্চকেও যা লাখ লাখ মার্কিনিদের প্রতিদিনের বিশ্বাস ও সান্ত্বনার জায়গা।”
