তুরস্কের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘সিকিন’ সিরিজের নবম কিস্তি ‘সিকিন ৯’ এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। ১৫ মে আন্তর্জাতিক মুক্তির দিনেই একই সঙ্গে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
তুর্কি জ্বিন, কালোজাদু ও অতিপ্রাকৃত ঘটনাভিত্তিক হরর সিনেমা নির্মাণের জন্য পরিচিত পরিচালক আলপার মেস্তচি নির্মিত এই সিনেমা ‘সিকিন’ সিরিজের দীর্ঘতম চলমান হরর ফ্র্যাঞ্চাইজির অংশ। সিরিজটি ইতোমধ্যে তুরস্কসহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার হরর দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
‘সিকিন ৯’ এর গল্প আবর্তিত হয়েছে একটি প্রাচীন অভিশাপকে ঘিরে, যা একটি পরিবারের অতীতের ভয়ংকর ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। কাহিনিতে দেখা যায়, এক মা নিজের সন্তানকে রক্ষা করতে নিষিদ্ধ কালোজাদুর আশ্রয় নেয়। সেই জাদুর সূত্র ধরেই বহু বছর আগের এক হত্যাকাণ্ডের রহস্য আবারও জেগে ওঠে।
অন্যদিকে কেমাল নামের এক তরুণ তার বাবার পুরোনো বাড়িতে ফিরে গেলে সে মুখোমুখি হয় ভয়ংকর পারিবারিক অভিশাপ ও অতিপ্রাকৃত শক্তির। এরপর শুরু হয় জ্বিন, রক্তাক্ত ঘটনা ও রহস্যময় মৃত্যুর এক অন্ধকার অধ্যায়।
পশ্চিমা জাম্প স্কেয়ার নির্ভর হররের বাইরে গিয়ে ‘সিকিন’ সিরিজ মূলত ইসলামিক লোকবিশ্বাস, জ্বিন, রুকইয়া ও কালোজাদুর মতো বিষয়কে কেন্দ্র করে ভয় তৈরি করে। কম বাজেট হলেও ধারাবাহিক সাফল্যের কারণে সিরিজটি তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
নতুন কিস্তি ‘সিকিন ৯’ নিয়েও দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই হররপ্রেমীদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল বাড়ছে।
