পশ্চিমবঙ্গের পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ৫০০ রুপি বৃদ্ধি করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার।
রবিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারের এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক সাম্মানিক ৫০০ রুপি করে বৃদ্ধি করে আগামী মাস থেকে ২০০০ রুপি করে দেওয়া হবে। সেই সঙ্গে যে সকল পুরোহিত ও মোয়াজ্জিনরা নতুন করে সঠিকভাবে আবেদন করছেন, সেগুলোও রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।’
মমতা আরও লেখেন, ‘আমরা এমন একটি পরিবেশ গড়ে তোলার জন্য গর্বিত, যেখানে প্রতিটি সম্প্রদায় ও তাদের ঐতিহ্যকে মূল্য দেওয়া হয় এবং শক্তিশালী করা হয়। আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের রক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য স্বীকৃতি এবং সহায়তা পান, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
