ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সংক্রান্ত সমস্যার কোনো সমাধান আপাতত দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি, বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার দিকে নজর দেওয়া উচিত। এসব সমস্যার কোনো সমাধান বর্তমানে দৃশ্যমান নয়।
কাজাখস্তানের শীর্ষ কূটনীতিক ইয়েমেক কোশারবায়েভ এর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ল্যাভরভ আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান সংকট দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিক উদ্যোগ প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে রাজনৈতিক সমঝোতার পথ তৈরি হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭২ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।
