ভারতে রাস্তা ও হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেল স্টেশনের মতো জনপরিসর (পাবলিক প্লেস) থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।
২০২৫ সালের নভেম্বরে দেওয়া নির্দেশ সংশোধনের পিটিশন মঙ্গলবার (১৯ মে) খারিজ করে দিয়েছে দেশটির শীর্ষ আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।
ওই গুরুত্বপূর্ণ রায়ে বলা হয়েছিল, হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ক্রীড়া কমপ্লেক্সের মতো জনসাধারণের স্থানে থাকা কুকুর সরিয়ে নিয়ে হবে।
মঙ্গলবার (১৯ মে) সেই নির্দেশনা পরিবর্তনের আবেদন খারিজ করে আদালত বলে, ভবঘুরে কুকুরের আক্রমণের ঘটনা এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে, বিভিন্ন ঘটনায় ছোট শিশুদের আহত হওয়া, বৃদ্ধদের ওপর হামলা এবং বিদেশি পর্যটকদের আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে।
ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছেন, ‘গত ৭ নভেম্বরের রায় পুনর্বিবেচনার আবেদনগুলো আমরা সবিস্তারে খতিয়ে দেখেছি। তবে সবকটি আবেদনই খারিজ করা হচ্ছে।’
আবেদনকারীরা অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অভ ইন্ডিয়া-র (এডব্লিউবিআই) প্রটোকল বদলের সপক্ষে কোনো উপযুক্ত কারণ দর্শাতে পারেনি বলেও জানিয়েছেন আদালত।
এদিকে, পুরনো নির্দেশনা ঠিকমতো কার্যকর করতে না পারায় রাজ্য সরকারগুলোরও কড়া সমালোচনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
দেশটির শীর্ষ আদালত বলেছেন, ‘বেওয়ারিশ কুকুরের ক্রমবর্ধমান সংখ্যার অনুপাতে অবকাঠামো সম্প্রসারণের কোনো সদিচ্ছা চোখে পড়েনি। এ সংক্রান্ত পদক্ষেপগুলো অত্যন্ত বিক্ষিপ্ত এবং তাতে প্রাতিষ্ঠানিক গভীরতার অভাব রয়েছে। টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচিগুলো কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছাড়াই করা হয়েছে।’
আদালতের মতে, এর ফলে পশুদের জন্ম নিয়ন্ত্রণ কাঠামোর মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।
