ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কে দুই ব্যক্তিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে দেশটির একটি আদালত। সোমবার ইস্তাম্বুলের একটি ফৌজদারি আদালত এই আদেশ প্রদান করে।
মেহমেত বুদাক দেরিয়া এবং ভেসেল কেরিমোগ্লু নামের ওই দুই ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে রাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এই দুই সন্দেহভাজন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, তদন্তে দেখা গেছে আটকরা তুরস্কের স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাচার করছিলেন। ইস্তাম্বুল আদালতের আইনি প্রক্রিয়া শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাম্প্রতিক সময়ে তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দেশটির সরকার, যার ধারাবাহিকতায় এই গ্রেফতারের ঘটনাটি ঘটল।
