সুদানের উত্তর দারফুর অঙ্গরাজ্যের কুতুম শহরে আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার একটি সূত্র এএফপিকে তথ্যটি নিশ্চিত করে জানায়, শহরের হাসপাতালে আনা মৃতদের মধ্যে ১২ জন রয়েছে, যাদের ছয়জনই শিশু। ড্রোন হামলায় নিহতদের মধ্যে তিনজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে আরো ১৬ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তারা বর্তমানে চিকিৎসাধীন বলেও জানা যায়।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, বুধবারের এই হামলা আল-সালামা এলাকায় আল উম গার্লস স্কুলের কাছে সংঘটিত হয় বলে জানিয়েছে গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি।
গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে, যারা ২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।
