চীনের বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে একজন বর্তমান লেবার এমপির স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) কাউন্টার টেরোরিজম পুলিশিং লন্ডন, মিড-ওয়েলসের পাওইস এবং সাউথ ওয়েলসের পন্টিক্লুনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লেবার এমপি জোয়ানি রিড নিশ্চিত করেছেন যে তার স্বামী ডেভিড টেইলর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন। তিনি বলেন, স্বামীর বিরুদ্ধে ‘কোনো আইন ভঙ্গের’ সন্দেহ তার কখনও ছিল না এবং তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত নন।
ইস্ট কিলব্রাইড ও স্ট্র্যাথ্যাভেনের এমপি রিড আরও বলেন, চীনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই; তিনি কখনও পার্লামেন্টে চীন-সংক্রান্ত বিষয়ে কথা বলেননি এবং চীনা কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেন না।
গ্রেপ্তারের স্থানসহ আরও তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, তদন্ত সক্রিয়ভাবে চলছে এবং জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
