বিক্ষোভে অংশ নেয়া প্রখ্যাত ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

- Advertisements -

২০১১ সালের কতিফ বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদি আরবের প্রখ্যাত ব্যবসায়ী সৌদ আল-ফারাজের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। বুধবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক রাজকীয় আদেশের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। ৪২ বছর বয়সী এই ব্যবসায়ীকে ২০২২ সালে সন্ত্রাসবাদী সেল পরিচালনা এবং পুলিশ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যদিও মানবাধিকার সংস্থাগুলো এই বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইউরোপীয়-সৌদি মানবাধিকার সংস্থা বা ইএসওএইচআর জানিয়েছে, ফারাজ ২০১১ সালে সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশ কতিফে সামাজিক অবিচার অবসানের দাবিতে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও শরিয়াহ আইন সমুন্নত রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ফারাজের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। এমনকি জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের মাত্রা এতটাই তীব্র ছিল যে, তাকে হুইলচেয়ারে করে যাতায়াত করতে হতো এবং দীর্ঘ ২১ মাস তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল।

সৌদি আরবে গত কয়েক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। মানবাধিকার সংস্থা রিপ্রাইভের তথ্যমতে, ২০২৫ সালে দেশটিতে রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে অধিকাংশিই মাদক সংক্রান্ত বা অস্পষ্ট সন্ত্রাসবাদের অভিযোগ। রিপ্রাইভের প্রতিনিধি জিদ বাসিউনি বলেন, বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আছে, তখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একে সুযোগ হিসেবে ব্যবহার করে তার সমালোচকদের দমন করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e53l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন