পাকিস্তানের সঙ্গে সহিংসতা থামাতে চায় আফগানিস্তানের তালেবান সরকার। তারা বলছে, কাবুল এর আগেও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করেছে। ভয়াবহ সহিংসতার পরে এখনও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।
শুক্রবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি। এখনও চাই দুই দেশের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হোক।’
এর আগে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আফগানিস্তানের কাবুলে প্রথম বিমান হামলা চালায় হামলা চালায় পাকিস্তান। জবাবে আফগান বাহিনী বিমানবিধ্বংসী গোলাবর্ষণ করে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, কাবুল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কান্দাহার ও পাক্তিয়ায় তালেবানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাকিস্তান সরকারের মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, এই হামলায় ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
তবে তালেবান সরকার এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের মাত্র আটজন যোদ্ধা নিহত হয়েছেন। উল্টো তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ডুরান্ড লাইন বরাবর পাল্টা হামলায় তারা ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। সেই সঙ্গে দুটি সামরিক ঘাঁটি দখলে নিয়েছে।
