২০২৫ সালজুড়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। রুশ জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল ডিরেক্টরেটের প্রধান এবং ফার্স্ট ডেপুটি চিফ সের্গেই রুদস্কয় এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্রাসনায়া জেভজদা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুদস্ক জানান, গত এক বছরে ইউক্রেন তাদের ৫ লাখ ২০ হাজারের বেশি সৈন্য হারিয়েছে। তার দেওয়া তথ্যানুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালেই ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৬ হাজার ৭০০টি ট্যাংক ও সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস হয়েছে। এর পাশাপাশি ১২ হাজারের বেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও মর্টার রুশ বাহিনীর অভিযানে অকেজো হয়ে গেছে বলে তিনি দাবি করেন।
রুশ এই জেনারেল আরও উল্লেখ করেছেন, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীর মোট ১৫ লাখ সেনা নিহত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দেওয়া এই পরিসংখ্যান যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেন বা স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মস্কোর দাবি অনুযায়ী, পশ্চিমা সরঞ্জাম এবং জনবল সরবরাহের পরও ফ্রন্টলাইনে ইউক্রেনীয় প্রতিরোধ ব্যবস্থা ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে।
