ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য ডনের।
পোস্টে তিনি লেখেন, অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।
অপারেশন ‘মিডনাইট হ্যামার’ গত বছরের জুনে ইরানে চালানো মার্কিন অভিযান। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়।
ওই পোস্টে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতি ক্ষোভও ঝাড়েন ট্রাম্প। লেখেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তাদের সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে-লুজারস!!!’
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।