পাকিস্তানের সাথে ৪ বিলিয়ন ডলারের বিশাল অস্ত্র চুক্তির গুঞ্জনের মাঝেই ইসলামাবাদে ঐতিহাসিক সফর করেছেন লিবিয়ার প্রভাবশালী সামরিক নেতা ফিল্ড মার্শাল খলিফা হাফতার।
সোমবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদরদপ্তর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে তার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের প্রধান এই নেতার সাথে ছিলেন তার উত্তরসূরি হিসেবে বিবেচিত পুত্র সাদ্দাম হাফতার এবং প্রধানমন্ত্রী ওসামা সাদ হামাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে পাকিস্তানের সেনাপ্রধানের বেনগাজি সফরের পর এই বিশাল অস্ত্র চুক্তির বিষয়টি আলোচনায় আসে। এটিকে পাকিস্তানের ইতিহাসে অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা হচ্ছে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পেশাদার সামরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার খলিফা হাফতার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথেও সাক্ষাৎ করেন। সরকারি এক বিবৃতিতে জানানো হয়, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন।
লিবিয়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে দেশটি ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলীয় হাফতার নিয়ন্ত্রিত সরকারের মধ্যে বিভক্ত। খলিফা হাফতার সাধারণত মিশর বা রাশিয়ার মতো দেশগুলোতে নিয়মিত যাতায়াত করলেও দক্ষিণ এশিয়ায় তার এই সফরকে এক নতুন কৌশলগত মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং তুরস্কের সাথে পাকিস্তানের বর্তমান সামরিক ও রাজনৈতিক সম্পর্কের সমীকরণে এই সফর আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
